RMSTU Notice Board LogoRMSTU Notice Hub
NewsEventsGeneral NoticesAcademic Notices

রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত

Published on: 22 Feb 2026 08:36:56 AM

রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টরসহ দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ’৫২-এর ভাষা শহিদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও ১৯৭১, ১৯৯০ এবং জুলাই’২৪ এর শহিদ এবং আহতদের সুস্থতা এবং তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণে দোয়া করা হয়।

মাতৃভাষার অধিকার আদায়ের লক্ষে ’৫২ ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাঁদের ত্যাগের মর্যাদা রক্ষা যেমন আমাদের জাতীয় দায়িত্ব তেমনি ’৭১, ’৯০ ও ’২৪ এ যারা জনআকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠার জন্য শহিদ হয়েছেন তাঁদের অবদানকে স্মরণে রেখে সকলকে জাতীয় উন্নয়নে এক হয়ে কাজ করার আহবান জানান মাননীয় ভাইস চ্যান্সেলর। তিনি আরো বলেন, শহিদদের চিন্তা-চেতনাকে ধারণ ও প্রবাহমান রাখার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের ও বিশ্ববিদ্যালয়ের কাজ দক্ষতা ও নৈতিকতার সাথে কাজ করা এবং বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকারাবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। যে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা এ নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশে যেনো আর দুঃখ, হতাশা, বৈষম্যের মধ্যে পড়তে না হয়, আমরা সে লক্ষে সততার সাথে ও ঐক্যের সাথে কাজ করে যাবো; এ বিশ্ববিদ্যালয়কে আমরা নতুন বাংলাদেশের অংশ হিসেবে দেখতে চাই এমন আশাবাদ ব্যক্ত করেন মাননীয় ভাইস চ্যান্সেলর।