রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুরু
Published on: 06 Feb 2025 03:39:39 AM

আজ ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় রাবিপ্রবি'র কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে রাবিপ্রবি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, খেলাধূলার মাধ্যমে একজন শিক্ষার্থী বিভিন্ন অসুস্থ জিনিস থেকে দূরে থাকতে পারে। যে যতবেশি খেলাধূলায় মনোযোগ দেয় সে ততবেশি বিভিন্ন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সেজন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবার নানা ইতিবাচক ভূমিকার মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে সমাজের প্রতিটা মানুষের কাছে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে সবার সাথে ভালো আচরণ করতে হবে। সবার সাথে ইতিবাচক চর্চা করে ভালো কাজে মনোনিবেশ করতে হবে। যেন মানুষ বুঝতে পারে রাবিপ্রবি'র শিক্ষার্থীরা ইতিবাচক চর্চায় এগিয়ে যাচ্ছে।
আজ উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বনাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ফুটবল খেলা শুরু হয়েছে।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের ফুটবল এবং ছাত্রীদের হ্যান্ডবল খেলা চলবে । আগামী ১৮ ফেব্রুয়ারি ছাত্রীদের হ্যান্ডবল খেলার ফাইনাল এবং ছাত্রদের ফুটবল খেলার ফাইনাল ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
